পুলিশ বাহিনী থেকে আওয়ামী লীগপন্থিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। একই সঙ্গে তিনি শহীদ ওসমান হাদির হত্যার বিচার, গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সাদিক কায়েম বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা হামলা চালিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে পুলিশ বাহিনীর ভেতরে থাকা আওয়ামী লীগপন্থিদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
তিনি বলেন, স্বাধীনতার পর বহু জনপ্রতিনিধি নির্বাচিত হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এবার জনগণ নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিতে চায়।
বাগেরহাট-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, তিনি নির্বাচিত হলে শাসক নন, জনগণের সেবক হবেন। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানে শোষণমুক্ত ও আজাদ বাংলাদেশের পথে এগিয়ে যাওয়া।
সমাবেশে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।