নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেছেন, জামায়াত ও শিবির আওয়ামী লীগের মতো একই কায়দায় ভোটের মাঠে উসকানি দিচ্ছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, “জামায়াত-শিবির আওয়ামী লীগের মতো একই স্টাইলে ভোটের পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য নেতাকর্মীদের আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।” তিনি জানান, ভোট গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে, তবে অস্বাভাবিকভাবে বিলম্ব হলে তা সন্দেহজনক বলে বিবেচিত হবে।
তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনায় যদি প্রশাসন ও নির্বাচন কমিশন স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে ২৪-এর গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে এবং দেশ গভীর সংকটে পড়বে।
নির্বাচনী ইশতেহার নিয়ে যুক্তিতর্কের বিষয়ে তারেক রহমান–কে ট্যাগ করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান–এর ফেসবুক পোস্ট প্রসঙ্গে খোকন বলেন, এসব বিতর্কের প্রয়োজনীয়তা তিনি দেখেন না। জনগণ কাকে ভোট দেবে, সে সিদ্ধান্ত জনগণই নেবে বলে মন্তব্য করেন তিনি।
ব্যারিস্টার খোকন জানান, তার নির্বাচনী এলাকার ১৪১টি ভোটকেন্দ্রের মধ্যে কয়েকটিতে প্রতিপক্ষ ঝামেলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তবে সব পরিস্থিতি আইনগতভাবেই মোকাবিলা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।