নির্বাচনী জনসভায় যোগ দিতে হবিগঞ্জে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হেলিকপ্টারে তিনি হবিগঞ্জে পৌঁছান। আগমনের পর তিনি জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এরপর পৌর শহরের নিউ ফিল্ডে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতে আমিরের। তার আগমন উপলক্ষে সভাস্থলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকালই জনসভাস্থলের সাজসজ্জার কাজ শেষ করা হয় এবং অতিথিদের জন্য বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে।
জামায়াতে আমিরের আগমনকে কেন্দ্র করে ভোর থেকেই হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে এসে জড়ো হন। জনসভাকে সফল করতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সমাবেশস্থল ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন। আয়োজকরা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে জনসভা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই জনসভাকে ঘিরে হবিগঞ্জে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।