বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৯১ সালে সাদেক হোসেন খোকার কাছে শেখ হাসিনা পরাজিত হয়েছিলেন। সেই রাজনৈতিক ধারাবাহিকতায় এবারও জনগণ ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন-কেই নির্বাচিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পুরান ঢাকার ধুপখোলা মাঠে ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এলাকাবাসী ও ভোটারদের উদ্দেশে রিজভী বলেন, ইশরাক হোসেন পুরান ঢাকার সন্তান এবং তিনি সবসময় জনগণের পাশে থাকবেন।
রিজভী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সাহসী যোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান হিসেবে ইশরাক হোসেন ফ্যাসিবাদী শাসনামলে অন্যায়ভাবে আটক বিএনপি নেতাকর্মীদের পুলিশের হেফাজত থেকে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একাধিকবার তার মিছিলে হামলা হলেও তিনি কখনো মনোবল হারাননি বলেও মন্তব্য করেন রিজভী।
জনসভায় ইশরাকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বলেন, রাজাকার ও একাত্তরের বিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি।
নিজের বক্তব্যে ইশরাক হোসেন বলেন, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নির্বাচিত হলে কোতোয়ালি, বংশাল ও সূত্রাপুরসহ অবহেলিত এলাকায় পরিকল্পিত নগর উন্নয়ন ও গ্যাস সমস্যার সমাধানে কাজ করবেন বলে আশ্বাস দেন তিনি।