নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, মিথ্যার আশ্রয় নেওয়া রাজনীতিবিদদের পরিণতি হবে ভয়াবহ। তাঁর অভিযোগ, “নিজেদের জাহান্নামের ঠিকানা নিয়ে তারা আবার জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশীদ বলেন, ধর্মীয় বক্তব্য ব্যবহার করে ভোট চাওয়ার ক্ষেত্রে সততার অভাব থাকলে তা কোনো কাজে আসবে না। তিনি বলেন, কোরআনের বাণী অনুযায়ী মিথ্যাবাদীদের স্থান জাহান্নাম—এ কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।
জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় দলটির ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে এবং সে কারণেই তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার হয়েছে। তাঁর ভাষায়, “এগুলো এমনি এমনিই হয়নি।” তিনি নারীর নিরাপত্তা ও মর্যাদা নিয়ে জামায়াত নেতাদের বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন।
চারবারের সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, কর্মজীবী নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, দেশের বিভিন্ন খাতে নারীরা সাফল্যের সঙ্গে কাজ করছেন এবং তাদের মর্যাদা প্রশ্নবিদ্ধ করার অধিকার কারও নেই।
বারোঘরিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। তিনি বলেন, বেহেশত–দোজখের মালিক কোনো রাজনৈতিক দল নয়, একমাত্র আল্লাহ। ধর্মীয় বিষয়কে রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করে ভোট চাওয়ার প্রবণতারও তিনি সমালোচনা করেন।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।