জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)–এর সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতুসহ একাধিক নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল-এ যোগ দিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। যোগদানকারীদের মধ্যে রয়েছেন বিভিন্ন হল সংসদের ছয়জন ভিপি, দুইজন সাধারণ সম্পাদক (জিএস) এবং একজন যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস)।
এদিন সন্ধ্যায় নবযোগদানকারী নেতারা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর গত বছরের ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আবদুর রশিদ জিতুসহ সংশ্লিষ্ট নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। এর আগে আবদুর রশিদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন এবং আল-বেরুনী হল ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী হিসেবে পরিচিত ছিলেন।
পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে তিনি কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। পরে সে পদ থেকে সরে গিয়ে ‘গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন এবং এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিএনপি ও ছাত্রদলে যোগ দিলেন।
ছাত্রদলে যোগ দেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা হলেন—
নবাব সলিমুল্লাহ হল সংসদের ভিপি ইবনে শিহাব, আল-বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বণিক, নওয়াব ফয়জুন্নেসা হলের ভিপি বুবলি আহমেদ,
বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা রিথী, এ এফ এম কামালউদ্দিন হলের ভিপি রায়হান কবীর, মীর মশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম, শহীদ রফিক–জব্বার হলের জিএস শরীফুল ইসলাম এবং এ এফ এম কামালউদ্দিন হলের এজিএস রিপন মণ্ডল।