ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন নাহিদ ইসলাম। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে নাহিদ ইসলাম লেখেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং এই প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। জাতিসংঘের অধীনে হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলায় ইনকিলাব মঞ্চের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর অপেশাদার আচরণের কঠোর সমালোচনা করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ফেসবুক পোস্টের সঙ্গে সাভারের ঢাকা-১৯ আসনে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তার বক্তব্যের ভিডিও যুক্ত করেন নাহিদ ইসলাম। ওই জনসভায় তিনি বলেন, যমুনার সামনে হাদির পরিবার বিচারের দাবিতে অবস্থান নিয়েছে, অথচ অন্তর্বর্তী সরকার এখনো হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এটি সরকারের বড় ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, এখনো সময় আছে—হাদি হত্যার বিচার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং নিহতের পরিবারের সঙ্গে কোনো ধরনের অসম্মান করা যাবে না।