মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি এ ভোটদানকে ‘হারাম’ আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীকে কঠোর ভাষায় সমালোচনা করেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম শেষে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর-এর উপস্থিতিতে আল্লামা বাবুনগরী বলেন, “সমস্ত মুসলমানদের বলুন, জামায়াতকে ভোট দেওয়া জায়েজ হবে না, হারাম।” তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ইসলামের ও ইমানের গোড়া কেটে যাবে।
বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীকে ‘মওদুদির জামায়াত’ উল্লেখ করে বলেন, “আমরা উনাকে সামনে রেখে তাদের সঙ্গে জিহাদ করছি। নির্বাচন আমি বুঝি না, এটি জিহাদ।” একই সঙ্গে তিনি জামায়াতকে ‘রগ কাটার গোষ্ঠী’ বলেও আখ্যা দেন।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে নিয়ে কড়া ও বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে হেফাজতে ইসলামের আমিরকে। তার সর্বশেষ এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।