নির্বাচনি মাঠে প্রতিপক্ষের নেতিবাচক প্রচারণা ও মিথ্যাচারকে উপেক্ষা করে ভোটারদের রায়ের ওপরই আস্থা রাখছেন ঢাকা–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, রাজনীতিতে মিথ্যাচার ও অনাচারের যে পথ প্রতিপক্ষ বেছে নিয়েছে, তার দাঁতভাঙা জবাব জনগণ ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই দেবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে পশ্চিম শান্তিবাগ এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নিজ এলাকার মানুষের সঙ্গে আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, তিনি এই এলাকারই সন্তান। তাঁর বাবা-মা ও পূর্বপুরুষদের কবর এখানেই রয়েছে। রাজনীতির কারণে বহুবার ফেরারি জীবন কাটাতে হলেও তিনি কখনো এলাকার মানুষের পাশ ছেড়ে যাননি।
তিনি দাবি করেন, তাঁর দ্বারা কারও কোনো ক্ষতি হয়নি এবং সাহায্যপ্রার্থী কেউ তাঁর কাছ থেকে খালি হাতে ফিরে গেছে—এমন উদাহরণ কেউ দিতে পারবে না।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম উল্লেখ না করে তিনি রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান। মির্জা আব্বাস বলেন, চরিত্রহনন সুস্থ রাজনীতির অংশ হতে পারে না। নোংরামির রাজনীতি পরিহার করে অতীতে কে কী করেছেন এবং ভবিষ্যতে কী করবেন—সেসব তুলে ধরে জনগণের কাছে ভোট চাওয়াই হওয়া উচিত।
তিনি আরও বলেন, নির্বাচনকে কলুষিত না করে উৎসবমুখর পরিবেশে জনগণের রায় মেনে নেওয়া দরকার। এলাকার মানুষ যথেষ্ট সচেতন এবং তারা ভালোভাবেই জানে কাকে দিয়ে উন্নয়ন সম্ভব।
মির্জা আব্বাস বলেন, জয়-পরাজয় বড় বিষয় নয়। তিনি আগেও এলাকার মানুষের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।