ঢাকা-১৩ আসনের রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা মামুনুল হক নির্বাচিত হলে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদীসহ সব হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করবেন।
শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির সামনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রার্থী আল্লামা মামুনুল হকের সমর্থনে এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ ওসমান হাদী যে ইনসাফের বাংলাদেশ গড়ার মিশন শুরু করেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনে শাহাদাত বরণ করতেও পিছপা হবেন না।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ১৭ বছর আল্লামা মামুনুল হক আপসহীনভাবে হাসিনার সঙ্গে টক্কর দিয়ে রাজপথে লড়াই করেছেন। তাকে সংসদে পাঠানো মানে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার পথে শক্ত অবস্থান নেওয়া।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব। সমাবেশ শেষে হাজারো মানুষের অংশগ্রহণে একটি গণমিছিল বের হয়, যা মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। রিকশা প্রতীকের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।