শহিদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে চলমান আন্দোলনে পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তিনি এ হামলাকে ‘ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়ন’ হিসেবে অভিহিত করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ভিপি সাদিক কায়েম বলেন, হাদি হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে গুলিবর্ষণ ও হামলা চালানো হয়েছে। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধসহ শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন। আহতদের মধ্যে ডাকসু, রাকসু ও জকসুর একাধিক নেতাকর্মী রয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, সরকার শুধু হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থই নয়, বরং বিচারের দাবিতে রাজপথে নামা ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। কার নির্দেশে এবং কার মদদে এই হামলা হয়েছে—ইন্টেরিম সরকারকে তার জবাব দিতে হবে।
এদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়।
ইনকিলাব মঞ্চ জানায়, জাতিসংঘের অধীনে তদন্তের বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।