ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ঢাকা–৮ আসনে ব্যাপক অস্থিরতা ও বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেছেন ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর মালিবাগের শান্তিবাগ এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কার কথা জানান।
মির্জা আব্বাস বলেন, “এই আসনে ব্যাপক ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সহযোগীরা যেভাবে তৎপরতা শুরু করেছে, তাতে নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কি না—সে বিষয়ে আমার গুরুতর সন্দেহ রয়েছে।”
তিনি বলেন, অল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করায় প্রার্থীদের প্রতি অবিচার করা হয়েছে। “আগে আমরা যখন নির্বাচনে অংশ নিয়েছি, তখন অন্তত তিন মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া হতো। এবার সেই সুযোগ দেওয়া হয়নি,”—বলেন তিনি।
নির্বাচন ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, ভোটের আগেই ব্যালট পেপার ও সিল সংক্রান্ত অনিয়মের আশঙ্কা তিনি করেছিলেন। তাঁর দাবি, বাস্তব পরিস্থিতি সেই আশঙ্কাকেই সত্য প্রমাণ করছে।
মির্জা আব্বাস বলেন, “এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাব। কমিশনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন না হয়, সে দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।”