বিএনপি ক্ষমতায় এলে দেশের লবণচাষিদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় থাকে, তখনই লবণশ্রমিকেরা তাঁদের পণ্যের ন্যায্য দাম পান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা উচ্চবিদ্যালয় মাঠে মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে লবণের ন্যায্যমূল্য নেই। ঢাকায় ভোক্তারা যেখানে কেজিপ্রতি ৪০ টাকায় লবণ কিনছেন, সেখানে চকরিয়া-পেকুয়া অঞ্চলের লবণচাষিরা ১০ টাকাও পাচ্ছেন না। তিনি এ পরিস্থিতিকে চরম বৈষম্য বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দরিদ্র লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে অতীতে বিএনপি সরকার অনেক সংগ্রাম করেছে এবং তা বাস্তবায়নও করেছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞতার অভাবে লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছিল, যার ফলে লবণের দাম কমে যায়। বিএনপির অনুরোধে সেই আমদানি বন্ধ করা হয়েছে এবং এর ফলে লবণের দাম বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপিই গণতন্ত্রের প্রতীক। দরিদ্র জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে দেশে অর্থনৈতিক সচ্ছলতা আনা হবে। তিনি দাবি করেন, বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাধারণ মানুষের জন্য কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই।
সভায় আরও বক্তব্য দেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, কক্সবাজার জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।