বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তিনি দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিজিটাল ষড়যন্ত্রে পারদর্শী এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
গতকাল কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ি কেন্দ্রে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়কোবাদ বলেন, বিএনপি ক্ষমতায় এলে অবহেলিত নারীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তিনি এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ঘোষিত কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সুবিধার্থে কৃষক কার্ড চালু করা হবে।
তিনি আরও বলেন, মুরাদনগরের মানুষের কাছে তিনি চিরঋণী। ঢাকায় অবস্থানকালে স্থানীয় নেতাকর্মীরা তাকে আন্তরিকভাবে সংবর্ধনা দিয়েছেন বলেও উল্লেখ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশা আল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি আগের তুলনায় সর্বোচ্চ ভোটে ধানের শীষকে বিজয়ী করে আবারও আপনাদের সেবা করার সুযোগ দেবেন।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া ও মির্জা শহিদুল্লাহ, নেতা নজরুল ইসলাম এবং আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু।