ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল অতীতে সবুজ বাংলা কিংবা ডিজিটাল বাংলার প্রতিশ্রুতি দিলেও ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ‘স্বর্ণের বাংলা’ নির্মাণ করবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করিম বলেন, দেশে এমন একটি মাত্র রাজনৈতিক দল রয়েছে, যারা ইসলামের পক্ষে নির্বাচন করছে, আর সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিনি বলেন, ইসলামী আন্দোলনের প্রতীকেই ইসলামী মূল্যবোধের প্রতিনিধিত্ব রয়েছে।
তিনি আরও বলেন, সঠিক নীতি ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের মানুষের মুক্তি সম্ভব নয়। তার ভাষায়, ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়; বরং সমগ্র মানবজাতি এমনকি একটি পিঁপড়ার স্বাধীনতাকেও গুরুত্ব দেয়—এটাই ইসলামের মূল শিক্ষা। তিনি অভিযোগ করেন, দেশে বহু নেতার নীতির কথা শোনা গেলেও বাস্তবে মানুষ তাদের প্রত্যাশিত ফল পায়নি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, “আর কোনো মায়ের কোল যেন শূন্য না হয়—সে জন্য শান্তি প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট দিতে হবে। চাঁদাবাজির মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টি কিংবা দেশের অর্থ বিদেশে পাচার বন্ধ করতে চাইলে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করতে হবে।” তিনি বলেন, গত ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এলেও চাঁদাবাজি বন্ধ হয়নি, যার ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে। এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন তিনি।
তার মতে, ইসলামী মূল্যবোধভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে দেশ একটি স্বর্ণালি ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম,
দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাদারীপুর-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আকবার হোসাইন, মাদারীপুর-২ আসনের প্রার্থী মাওলানা আলী আহমাদ চৌধুরী এবং মাদারীপুর-৩ আসনের প্রার্থী মাওলানা আজিজুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।