জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বিএনপিকে আগামী ১২ ফেব্রুয়ারি ‘লাল কার্ড’ দেখানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাশেদ প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে উদ্দেশ করে নানা অভিযোগ তোলেন। তিনি বলেন, লন্ডন থেকে আসা এক নেতা রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ও ইসলামের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছেন। একাত্তরের ইতিহাস পরিবর্তনের অপচেষ্টাও চলছে বলে তিনি দাবি করেন।
রাশেদ প্রধান বলেন, “এই লন্ডনের মুফতি আর তার হাতে সৃষ্ট নতুন জালেম বিএনপিকে আমরা ১২ তারিখ লাল কার্ড দেখাবো, ইনশাআল্লাহ।” তিনি উপস্থিত জনতাকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার কথা বলেন।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও দলের নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে অপপ্রচার চালানো হয়েছে। নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র রুখতে ১১ তারিখ রাত থেকে ফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বানও জানান তিনি।
নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং জোটসংশ্লিষ্ট অন্যান্য নেতারা বক্তব্য দেন।