বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশের রাজনীতি থেকে সন্ত্রাস ও দুর্নীতিকে বিদায় জানানো হবে। তিনি বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়, বরং একটি নৈতিক ও সুশাসনভিত্তিক রাজনীতির সূচনার নির্বাচন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মামুনুল হক বলেন, “২৪-এর বিপ্লবের মাধ্যমে যাদের রাজনীতি থেকে বিদায় করা হয়েছিল, তাদের একটি অংশ আবার নতুন করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।” তিনি এসব অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
দুপুর থেকেই কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা থেকে মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় যোগ দেন। এতে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের ১১ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদী। এছাড়াও স্থানীয় নেতারা বক্তব্য দেন এবং ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় ভোটারদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।