ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মোবাইল ফোনে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
তবে ঠিক কী কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি মিজানুর রহমান মোল্লা। এদিকে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদুল ইসলাম খান বাবুল-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। হঠাৎ করে এক প্রার্থীর মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণায় ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় আলোচনা ও সমালোচনার পাশাপাশি ভোটের মাঠে বিভ্রান্তিও সৃষ্টি হয়েছে।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে খেলাফত মজলিসের এই প্রার্থী বলেন, তিনি নিরপেক্ষ অবস্থানে থাকবেন। তিনি জানান, ইসলামিক ঐক্য জোটের অংশ হিসেবে তার দল থাকলেও মাঠে সক্রিয় হলে জামায়াতে ইসলামীর ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন-এর সঙ্গে সমন্বয়ের বিষয়টি সামনে আসে, যা বিবেচনায় নিয়েই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক-এর সমর্থনে মিজানুর রহমান মোল্লা এ আসনে প্রার্থী হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে ধানের শীষের প্রার্থী শহীদুল ইসলাম খান বাবুলের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের পরই সরে দাঁড়ানোর খবর ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, দুই নেতার সাক্ষাতের বিষয়টি তিনি জেনেছেন, তবে একাত্মতার বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি।