জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে এ দেশের জনগণ, কোনোভাবেই দিল্লি থেকে পরিচালিত ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এ দেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের চেষ্টা করছে, তারাই বাংলাদেশের ‘নতুন জালেম’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই জালেমদের রুখে দেওয়ার দিন হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
তিনি আরও বলেন, এই নির্বাচনী লড়াই শুধু একটি আসনের জন্য নয়, বরং পুরো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার লড়াই। ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে দেশকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়েছে।
জনসভায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতিকে রক্ষার জন্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিহত করবে।
সভা থেকে উপস্থিত জনসাধারণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।