ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের জাতীয় কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় বসেই নির্বাচন পরিচালনা করছে। তিনি দাবি করেন, ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের সহযোগী শক্তি এনসিপি, আর সরকার প্রধান নিজেই নাকি সে কথা স্বীকার করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, “ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের বাচ্চারা (এনসিপি)।
তাই তারা এখন ক্ষমতায় বসে নির্বাচন করছে।” তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রশাসনের ভেতরে থাকা জামায়াতপন্থীরা ভোটের ফলাফল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে।
মির্জা আব্বাস আরও বলেন, একটি রাজনৈতিক চক্র ১৯৭১ সালের স্বাধীনতাকে এখনো মেনে নিতে পারেনি। তারা নিয়মিত বিএনপিকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করছে এবং নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র করছে। এই চক্র নতুন নয় বলেও মন্তব্য করেন তিনি।
ভোট কারচুপির আশঙ্কার কথা তুলে ধরে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “আমি মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি।” তিনি নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভোটের ফলাফল নিয়েই আমরা ঘরে ফিরবো। জনগণের সঙ্গে প্রতারণা করলে তা মেনে নেওয়া হবে না।”
তিনি আরও বলেন, বিরোধীপক্ষ চায় নির্বাচনের আগে গণ্ডগোল বাধাতে, তবে তিনি শান্তিপূর্ণ নির্বাচন চান এবং কোনো উসকানিতে পা দেবেন না বলে জানান।