আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। কালীবাড়ী বাজারের অদূরে তার পৈতৃক বাড়ি ঘিরেই শুরু হয়েছে প্রতিদিনের নির্বাচনী তৎপরতা। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা এই রাজনীতিককে এলাকাবাসী এখনো স্নেহভরে ‘স্যার’ বলেই ডাকেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক গ্রাম ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, পথসভা ও গণসংযোগ করেন তিনি। সকাল সাড়ে ৯টায় বাড়ির সামনে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। এরপর পোলিং এজেন্টদের প্রশিক্ষণে অংশ নিয়ে ভোটের দিন দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।
সদর উপজেলার কিসমত দৌলতপুর, বেগুনবাড়ী, দানারহাট ও মণ্ডলপাড়াসহ বিভিন্ন এলাকায় পথসভায় তিনি বলেন, “আমি নতুন কেউ নই। প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক। জিতেছি-হেরেছি, কিন্তু আপনাদের ছেড়ে যাইনি।” সরকার গঠন করতে পারলে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, বন্ধ বিমানবন্দর চালু এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি।
বেগুনবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এটি তার জীবনের শেষ নির্বাচন। সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি। স্থানীয় ভোটারদের মতে, দীর্ঘদিনের পরিচিত এই নেতার প্রতি তাদের আস্থা এখনো অটুট।