জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোট সমর্থিত পঞ্চগড়-১ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম বলেছেন, আসন্ন নির্বাচনে মূল প্রশ্ন হলো—নির্বাচনের পর মানুষ আবার হুমকি-ধামকির মধ্যে থাকবে, নাকি সম্মানের সঙ্গে বাঁচতে পারবে। তিনি বলেন, “এবারের নির্বাচন সেই সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দির মাঠ সংলগ্ন এলাকায় পথসভায় এসব কথা বলেন তিনি। সারজিস আলম ভোটারদের উদ্দেশে বলেন, যেখানে ভোট দিলে মানুষের ওপর জুলুম, অত্যাচার, ভয়ভীতি ও হুমকি থাকবে না—সেই জায়গাতেই ভোট দেওয়া উচিত।
তিনি বলেন, “আমি সারজিস একবারও বলবো না যে আমাকে ভোট দেন। কিন্তু আমি অনুরোধ করবো, বিশেষ করে সনাতনী ভাই-বোনেরা চিন্তা করুন—গত দেড় বছরে পঞ্চগড়ে কারা চাঁদাবাজি, সিন্ডিকেট ও হুমকির রাজনীতি করেছে।” তিনি স্পষ্ট করে বলেন, যদি এনসিপি বা জামায়াতের কেউ এসব অপকর্মে জড়িত থাকে, তবে তাদেরও ভোট না দেওয়ার আহ্বান জানান।
সারজিস আলম আরও বলেন, এমপি বা মন্ত্রীরা অনেক সময় জেলার বাইরে থাকেন, কিন্তু প্রতিদিন মানুষের সঙ্গে থাকতে হয় স্থানীয় নেতাকর্মীদের। তাই নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত যারা ভালো—ভোটও তাদেরই দেওয়া উচিত।
পরে তিনি এনসিপি, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পঞ্চগড় পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান।