রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, তার বিরুদ্ধে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। তিনি দাবি করেন, এসব অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
গত শনিবার (৩১ জানুয়ারি) রংপুরের তারাগঞ্জ উপজেলার তেতুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি বলেন, “আজ একজন নেতা লন্ডন থেকে এসে বলে, ‘আমরা দেশ থেকে পালাই না।’ এরা নির্লজ্জভাবে অসত্য কথা বলে। যারা অসত্য কথা বলে, তারা ক্ষমতায় গেলে একটি ওয়াদাও পালন করবে না।”
এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা উন্নয়ন বা বর্তমান ইস্যুতে কথা না বলে বারবার ১৯৭১ সালের প্রসঙ্গ টেনে আনে। তিনি বলেন, “আমি পরিষ্কার করে বলেছি—আমার বিরুদ্ধে যদি ৭১-এর অভিযোগ করা হয়, তাহলে আইনজীবীর সঙ্গে কথা বলে মামলা ঠুকে দেব, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, এটিএম আজহারুল ইসলাম ২০১২ সালে গ্রেপ্তার হন এবং ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। পরে আপিল প্রক্রিয়ার ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার পতনের পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে পুনরায় আপিল হলে ২০২৫ সালের ২৭ মে তিনি সব অভিযোগ থেকে খালাস পান। পরদিন কারামুক্ত হন তিনি।
নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণ এখন অতীতের বিতর্ক নয়, সত্য ও ন্যায়ের রাজনীতি চায়।