রাজধানীর কাকরাইল এলাকায় গণসংযোগকালে এক সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির জাতীয় কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস-এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার (৫ ফেব্রুয়ারি)।
জানা যায়, কাকরাইল এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা আব্বাস। এ সময় দ্য নিউজ–এর এক সাংবাদিক ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নে তিনি বলেন, “অনেকে অভিযোগ করছেন, বিএনপি আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন চাচ্ছে—এ বিষয়ে আপনি কী বলবেন?” প্রশ্ন শুনেই উত্তেজিত হয়ে পড়েন মির্জা আব্বাস।
তিনি ওই সাংবাদিকের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন এবং ‘এখানে স্পাই করতে এসেছো কি না’ বলেও মন্তব্য করেন।
একপর্যায়ে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর প্রকাশ্যে ওই সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিতে দেখা যায় তাকে। পরে ফোনটি পরীক্ষা করতেও দেখা যায় বিএনপির এই বর্ষীয়ান নেতাকে। পুরো ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে মির্জা আব্বাস বলেন, “আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই।” এরপরই তিনি সাংবাদিকের ফোন হাতে নিয়ে নেন। ঘটনাটি সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের সময়ে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এমন আচরণ অনভিপ্রেত ও প্রশ্নবিদ্ধ।