জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তিনি জনগণের অর্থ ও সমর্থনের ওপর ভিত্তি করেই রাজনীতি করবেন; কোনো অনৈতিক সুবিধা বা তদবির গ্রহণ করবেন না—এমনকি নিজের আত্মীয়ের ক্ষেত্রেও নয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ হাইস্কুল মাঠে শাপলা কলি প্রতীকের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষ তাকে সহযোগিতা করছে রাজনীতিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার প্রত্যাশায়।
কেউ যদি মনে করেন নির্বাচনে অর্থ ব্যয় করে পরে বিশেষ সুবিধা আদায় করবেন, তবে তা ভুল ধারণা। আইন ও ন্যায়ের প্রশ্নে তিনি কোনো পক্ষপাত করবেন না বলে সাফ জানিয়ে দেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সুবিধাবাদী একটি গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলে ভাগ হয়ে টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেছে। এক পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন দলে থেকে যে দল ক্ষমতায় আসে, তারাই সুবিধা নেয়—এই সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না।
হাসনাত আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে এই অনৈতিক চর্চার অবসান জরুরি। জনগণের আস্থা ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠাই হবে তার রাজনীতির মূল লক্ষ্য।