আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় একটি নির্বাচনী জনসমাবেশের আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার ওই দিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ঢাকা মহানগরীতে দলের সর্বশেষ কর্মসূচি পূর্বঘোষিত ৯ ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এই সংশোধিত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে তিনি সাংবাদিকদের অবহিত করেন।
রিজভী জানান, জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি আরও জানান, আগামীকাল শুক্রবার বিকেল ৩টার দিকে বিএনপির নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে এবার জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেবে। তিনি বলেন, কোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো সম্ভব হবে না।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।