নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, যারা বিএনপির রাজনীতি করেন তারা দেশকে নিজের মায়ের মতো ভালোবাসেন ও দেখেন। তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল চেতনা হলো বাংলাদেশ—এর বাইরে অন্য কোনো রাষ্ট্র বা শক্তির প্রতি আনুগত্য নয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার খোকন বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্ট পরিকল্পনা হাতে নিয়েছেন।
তিনি আরও বলেন, “বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো করে দেখে। দিল্লি কিংবা পাকিস্তানের রাজনীতি আমরা বুঝি না—আমরা বুঝি শুধু বাংলাদেশ।”
জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে সমালোচনা করে এই বিএনপি প্রার্থী বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতাবিরোধী অবস্থানে ছিল। তিনি অভিযোগ করেন, যুদ্ধের সময় তারাই পাকিস্তানি বাহিনীকে বাঙালিদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে এবং নারীদের ওপর নির্যাতনে সহযোগিতা করেছে।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, জামায়াত বেহেস্তের টিকিটের প্রলোভন দেখিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। ব্যারিস্টার খোকন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে।