ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনে সম্ভাব্য অনিয়ম ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ প্রতিহত করতে ছাত্র-জনতাকে রাজপথে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, শুধু ভোট প্রদান করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোটকেন্দ্র ও রাজপথের পরিস্থিতির ওপর নজর রাখতে হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শিয়া মসজিদ থেকে শ্যামলী এলাকায় ঢাকা-১৩ আসন ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘নির্বাচনি স্বাগত মিছিল’ শেষে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা-১৩ আসনের জনগণ ‘রিকশা’ প্রতীকের পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে ষড়যন্ত্রকারীরা নীরব নয় উল্লেখ করে তিনি বলেন, ছাত্রশিবির, ছাত্র মজলিস, ছাত্র শক্তিসহ সব ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ভোটের ফলাফল নিয়ে যে কোনো ধরনের কারচুপি ও ইঞ্জিনিয়ারিং প্রতিরোধে সদা প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, যারা এখনো পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে রাজনীতি করতে চায়, তাদের ২০২৪ সালের গণআন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, যখন দেশের মানুষ রক্ত দিতে শিখে গেছে, তখন সন্ত্রাস ও দমনমূলক রাজনীতির অবসান ঘটিয়েই ছাড়বে—ইনশাআল্লাহ।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের সেক্রেটারি জেনারেল মুহিব্বুল্লাহ বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর পর দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। তিনি বলেন, ঢাকা-১৩ আসনের ভোটাররা সৌভাগ্যবান যে তারা আল্লামা মামুনুল হকের মতো একজন ইসলামপ্রিয়, জনপ্রিয় ও তরুণদের প্রেরণার প্রতীক নেতাকে প্রার্থী হিসেবে পেয়েছেন।