ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এই জনসভা আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, শেষ নির্বাচনী জনসভাকে সফল করতে দলীয়ভাবে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা ও আশপাশের আসনের বিএনপি প্রার্থীরা এই জনসভায় উপস্থিত থাকবেন।
শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে রিজভী বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই বিএনপির প্রত্যাশা। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে এবং দীর্ঘদিনের নিপীড়নও দলটিকে দমন করতে পারেনি। তার ভাষায়, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি দেশের মানুষের আবেগ।”
রিজভী আরও জানান, আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর সোনারগাঁও হোটেল-এ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। এতে দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরা হবে বলে জানান তিনি।