জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর নওগাঁর জনসভাকে ঘিরে হাজারো মানুষের ঢল নেমেছে। জনসভা শুরুর আগেই নওগাঁ শহরের এটিএম মাঠ নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠের ভেতরের পাশাপাশি বাইরে ও আশপাশের সড়কেও অবস্থান নেন বহু মানুষ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায়, নওগাঁ ছাড়াও জয়পুরহাট ও বগুড়া জেলা থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন। মঞ্চে জামায়াতের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন। অনেকের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, কেউ আবার দলীয় মনোগ্রামসংবলিত টি-শার্ট, পাঞ্জাবি ও মাফলার পরে উপস্থিত হয়েছেন।
পত্নীতলা থেকে আসা জামায়াত কর্মী আনিসুর রহমান বলেন, এতদিন আমিরে জামায়াতকে টিভিতে দেখেছেন, আজ সরাসরি এক নজর দেখার জন্য ফজরের নামাজ শেষে সমাবেশে এসেছেন। আরেক কর্মী রফিকুল বলেন, নওগাঁ শহরে জামায়াতের গণজোয়ার সৃষ্টি হয়েছে, পুরো শহর দাঁড়িপাল্লাময় হয়ে গেছে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুর ১২টার দিকে নওগাঁর জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের। জনসভা শেষে তিনি চাঁপাইনবাবগঞ্জ, পরে রাজশাহী ও নাটোরে জনসভায় যোগ দেবেন।