আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে দলটি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এনসিপির পক্ষে নির্বাচন কমিশনে আবেদনটি দাখিল করা হয়। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাহিদ ইসলাম একটি গুরুত্বপূর্ণ ভাষণের মাধ্যমে জাতির সামনে নতুন রাজনৈতিক স্বপ্ন, নতুন রাজনীতির রূপরেখা এবং এনসিপির নির্বাচনী ইশতেহার উপস্থাপন করতে চান।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের সামনে একটি সুস্পষ্ট, দায়িত্বশীল ও ভবিষ্যতমুখী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা অত্যন্ত জরুরি। এই ভাষণের মাধ্যমে এনসিপির রাজনৈতিক দর্শন, লক্ষ্য ও কর্মপরিকল্পনা সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য।
এনসিপির আবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশন দেশব্যাপী সর্বস্তরের মানুষের কাছে একযোগে বার্তা পৌঁছানোর সবচেয়ে কার্যকর মাধ্যম। তাই জাতির উদ্দেশে ভাষণের জন্য বিটিভিতে একটি নির্দিষ্ট স্লট বরাদ্দ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের সদয় বিবেচনা কামনা করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।