কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে চলমান দুঃশাসন, ভোটাধিকার হরণ ও গণতন্ত্রের সংকটের বাস্তবতায় কেন্দ্রীয় পর্যায়ের রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে মুরাদনগরে গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পারস্পরিক আলোচনা ও দায়িত্বশীল রাজনৈতিক উপলব্ধির ভিত্তিতে জোটবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, “এই ঐক্য কোনো সাময়িক কৌশল নয়, বরং এটি গণতান্ত্রিক দায়িত্ববোধ থেকে জন্ম নেওয়া একটি সিদ্ধান্ত। আমরা বিশ্বাস করি, বিভক্তি নয়—ঐক্যই জনগণের প্রকৃত শক্তি। সেই শক্তির মাধ্যমেই অন্যায়ের বিরুদ্ধে বিজয় নিশ্চিত করা সম্ভব।”
ফরিদ উদ্দিন আরও বলেন, এই জোট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; এটি মুরাদনগরের জনগণ, দেশের মানুষ এবং গণতন্ত্রের পক্ষে নেওয়া একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ।
তিনি মুরাদনগরের সর্বস্তরের জনগণ, বিশেষ করে তরুণ সমাজ ও গণতন্ত্রকামী শক্তির প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ঐক্যের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখুন। একই সঙ্গে গণঅধিকার পরিষদের ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সব নেতাকর্মীকে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দাউদ উদ্দিন শহীদসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।