লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জামায়াতে ইসলামীর আমির তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে আখ্যায়িত করেননি। বরং তিনি বলেছেন, চট্টগ্রাম থেকে প্রথম বিদ্রোহের ঘোষণা দেওয়া হয়েছিল—যা ঐতিহাসিকভাবে সঠিক।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১১ দলীয় জোটের এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বন্দরের মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে জামায়াত আমিরের বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষাপটে তিনি এ প্রতিক্রিয়া জানান।
কর্নেল অলি আহমদ বলেন, “জামায়াতের আমির কোথাও বলেননি যে, আমি স্বাধীনতার ঘোষক। তিনি বলেছেন, চট্টগ্রাম থেকে ‘উই রিভোল্ট’ বলে প্রথম বিদ্রোহ করা হয়েছিল, যা সত্য। এতে বিভ্রান্তির কিছু নেই।”
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরের মাঠে এক সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল এবং সেখান থেকেই প্রথম বিদ্রোহের ডাক আসে। বক্তব্যে তিনি কর্নেল অলি আহমদের নাম উল্লেখ করলেও তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে আখ্যা দেননি।
এর আগে একই দিন লোহাগাড়ায় ১১ দলীয় জোটের আরেক সমাবেশে কর্নেল অলি আহমদ বলেন, “চট্টগ্রাম থেকে আমি বিদ্রোহ ঘোষণা করি।” ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির কিছু নেতাকর্মী দাবি করেন, জামায়াত আমির কর্নেল অলি আহমদকে স্বাধীনতার ঘোষক বলেছেন।
তবে পরবর্তীতে ভিডিও বক্তব্য পর্যালোচনায় দেখা যায়, জামায়াত আমির স্বাধীনতার ঘোষকের বিষয়ে কর্নেল অলি আহমদের নাম উল্লেখ করে কোনো মন্তব্য করেননি।
বিতর্ক প্রসঙ্গে কর্নেল অলি আহমদ বলেন, জামায়াত আমিরের বক্তব্যে কারও সম্মানহানি করার মতো কিছু ছিল না। যারা বিষয়টি নিয়ে সমালোচনা করছে, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।