জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলায় বঙ্গভবনের এক কর্মকর্তাসহ মোট ২১ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সিরাজুল ইসলাম বাদী হয়ে ডিএমপির হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ারে আলমের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্তুজা বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াতের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
জামায়াত নেতারা জানান, গত কয়েকদিন ধরে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের একাধিক সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩১ জানুয়ারি ডিজিটাল ডিভাইসে অবৈধভাবে প্রবেশ করে ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়। ওই অ্যাকাউন্ট থেকে অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়, যা নারীর প্রতি বিদ্বেষ, অশ্লীলতা, জাতিগত সহিংসতা, ঘৃণা এবং দাঙ্গা-হাঙ্গামা উসকে দেওয়ার মতো কনটেন্ট ছড়ায়।
ঘটনাটি জানার পর জামায়াতের পক্ষ থেকে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে তদন্ত ও অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, একই ধরনের সাইবার হামলা দলের আরও কয়েকজন শীর্ষ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও সংঘটিত হয়েছে।
পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।