বিএনপি ক্ষমতায় এলে শ্রমের মর্যাদা, জ্ঞান ও সমতাভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে বিএনপির এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের সমস্যার কোনো অভাব নেই, তবে সুষ্ঠু ও বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, “আজ আমাদের সামনে গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।”
বিএনপির রাজনীতিকে পরিকল্পনাভিত্তিক উল্লেখ করে তিনি বলেন, “আমরা শ্রমের মর্যাদা দিতে চাই, মেধার মূল্যায়ন চাই এবং সুবিচার নিশ্চিত করতে চাই। এমন একটি দেশ উপহার দিতে চাই, যেখানে নেতার আগে থাকবে জনতা। সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “আমরা জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদানির্ভর একটি রাষ্ট্র গড়তে চাই। শোষণের আগে অধিকার—এই নীতিতেই আমাদের রাজনীতি। এমন একটি সমাজ ও দেশ গড়তে চাই, যেখানে জনগণই হবে মূল শক্তি।”
এ সময় জানানো হয়, আগামী শুক্রবার বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে। ইশতেহারে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তরণের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হবে।