আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অস্ট্রেলিয়া–উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনী মহিলা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে আমির হামজা বলেন, “অস্ট্রেলিয়া–উগান্ডার যে ম্যাচ হয়, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারির নির্বাচনও তেমনই হতে যাচ্ছে। আগামী দিনে কী ঘটে, তা দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানাই।”
কুষ্টিয়া সদর আসন নিয়ে তিনি বলেন, “কুষ্টিয়া-৩ আসনে দাঁড়িপাল্লার ভূমিধস বিজয় হবে—এ বিষয়ে আমরা শতভাগ আশাবাদী।”
ভোটের হিসাব তুলে ধরে তিনি দাবি করেন, “দেশে প্রায় চার কোটি তরুণ ভোটার রয়েছে। এর মধ্যে ৩৭ দশমিক ৪ শতাংশ মানুষ দাঁড়িপাল্লাকে ক্ষমতায় দেখতে চায়। ধানের শীষের সমর্থন ২৭ শতাংশ এবং এনসিপির সমর্থন ১৭ শতাংশ।”
তিনি আরও বলেন, “এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে ১১ দলীয় জোটের শরিক। সে হিসাবে অন্যান্য দল বাদ দিলে দুই দলের তরুণ ভোটারের সম্মিলিত সমর্থন প্রায় ৫৫ শতাংশে পৌঁছাতে পারে।” এসব বক্তব্যের মাধ্যমে তিনি নির্বাচনে জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক দিলারা চৌধুরী আট মাস আগে মন্তব্য করেছিলেন—বিএনপি ক্ষমতায় এলে দুই বছরের বেশি টিকতে পারবে না। তিনি বলেন, ওই মন্তব্য চিন্তাভাবনা করেই করা হয়েছিল।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, শহর জামায়াতের আমির এনামুল হকসহ জেলা ও শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।