আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এই ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার-এ সম্প্রচারের অনুমতি চেয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের বরাবর আনুষ্ঠানিক আবেদন করেছে দলটি।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নাহিদ ইসলামের বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই আবেদন করা হয়েছে।
তিনি বলেন, “আজ আমরা নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছি। এখনো নির্দিষ্ট কোনো সময় বা স্লট বরাদ্দ দেওয়া হয়নি। তবে আশা করছি, নির্বাচন কমিশন দ্রুতই প্রচারের সময় নির্ধারণ করে আমাদের জানাবে।”
এদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও দলের আমিরের ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারের অনুমতি চেয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হয়েছে।
দলটি জানিয়েছে, আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় ওই ভাষণ সম্প্রচারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।