বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করা হবে। জনগণের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালু করা হবে বলেও তিনি ঘোষণা দেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী-এর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং এটি গণমানুষের দল। যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের মুখে স্বাধীনতার কথা মানায় না বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির প্রধান লক্ষ্য।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে সার, বীজ ও সহায়তা নিশ্চিত করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো আর্থিক সুরক্ষা পাবে এবং হেলথ কার্ডের মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, অর্থ সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক অধ্যক্ষ আকতার চৌধুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। নেতারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।