গাজীপুরের শ্রীপুরে খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুরের বরমী জামিয়া আনওয়ারীয়া মাদরাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে
কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার, হেফাজতে ইসলামের উপজেলা সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, বরমী আনওয়ারীয়া মাদরাসার মোহতামিম মুফতি আশেকে মোস্তফা, খেলাফত মজলিসের সদস্য ইকবাল হোসেনসহ আরও অনেকে।
নবাগতদের স্বাগত জানিয়ে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিগত সরকারের আমলে আলেম সমাজ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিএনপি ক্ষমতায় এলে আলেম সমাজ রাষ্ট্রীয়ভাবে মর্যাদা ও সম্মান পাবে।
যোগদান অনুষ্ঠানে বক্তব্যে আব্দুস ছাত্তার বলেন, দীর্ঘ আন্দোলন ও রক্তক্ষয়ের পর স্বৈরাচার বিদায় হলেও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। তার মতে, তুলনামূলকভাবে বিএনপিই আলেম সমাজকে সবচেয়ে বেশি সম্মান দেয়, সে কারণেই তারা দলে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে ওলামা দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।