জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনে গণমাধ্যম যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে, তাহলে জনগণ এবার মিডিয়াকেও লালকার্ড দেখাবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, তৃণমূলের সাংবাদিকরা তাদের কাছে এসে জানান যে, অনেক সময় খবর পাঠালেও তা কেটে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, গণমাধ্যমের বড় অংশে একটি দলের, বিশেষ করে বিএনপির একতরফা প্রচারণা ও বন্দনা চলছে। “মিডিয়ার ভাইয়েরা আমরা জানি আপনারা নিরুপায়। কিন্তু জনগণ সবকিছু দেখছে,”—বলেন তিনি।
এ সময় প্রশাসনের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, কিছু লোভী কর্মকর্তা আবার সক্রিয় হচ্ছে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবার যেন কোনো এসপি, ওসি বা এসআইকে ঘুষের জন্য টাকা রাখতে না হয়—এমন একটি নির্বাচন দেখতে চায় জনগণ।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “এ নির্বাচন ১৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে। প্রশাসন যদি ভোটচোরদের হাতে ক্ষমতা তুলে দেয়, তাহলে আবার গণআন্দোলন নেমে আসবে।” তিনি দাবি করেন, এনসিপি ও ১১ দলীয় জোট একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় এবং তারা শুধু খেলোয়াড় বদল নয়, পুরো খেলাটার নিয়মই বদলে দিতে চায়।
জনসভায় জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।