জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি রাশেদ প্রধান বিএনপিকে কটাক্ষ করে বলেছেন, “নেতায় বলে হ্যাঁ, কর্মীরা বলে না—এটা কেমন দল? নেতার কথা কর্মীরা শোনে না—এটা কেমন মার্কা?” বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, লন্ডন থেকে একজন নেতা এসে বহু কষ্টে ‘হ্যাঁ’ বলেছেন, কিন্তু তার দলের নেতাকর্মীরা এলাকায় ঘুরে ঘুরে ‘না’ বলছেন। তিনি দাবি করেন, এই দ্বিচারিতা জনগণ বুঝে গেছে। তিনি আরও বলেন, ওই নেতা এসে ‘আই হ্যাভ এ প্লান’ বললেও সেই পরিকল্পনা এখন জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে।
জাগপা নেতা অভিযোগ করেন, জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেলের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, নারীদের হয়রানি করা হচ্ছে এবং প্রশাসন ও বড় বড় মিডিয়া দখলের চেষ্টা চলছে। তার ভাষায়, এসবই একটি গোষ্ঠীর পরিকল্পনার অংশ।
তরুণ ও যুবকদের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি কেউ যদি আগের মতো ভোট বাক্স ছিনতাই করতে আসে, তাহলে তিতুমীরের বাঁশের কেল্লার মতো প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, “আমরা বুলেটপ্রুফ কাচের রাজনীতি চাই না। আমরা চাই রাজপথের মানুষকে, যারা ধানক্ষেতে হাঁটতে পারে।” বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য বৈষম্যহীন সমাজ গড়তে চায় বলেও তিনি মন্তব্য করেন।