গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি-সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর-কে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বরিশাল নগরের বেলস পার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “ট্রাক মার্কার নুরু এই এলাকারই ছেলে। আন্দোলন-সংগ্রামে সে আমাদের সঙ্গেই ছিল। তাকেও দয়া করে আপনারা বিজয়ী করে নিয়ে আসবেন। সে আমাদেরই একজন।” তিনি দক্ষিণাঞ্চলের ভোটারদের উদ্দেশে বলেন, যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বকে সংসদে পাঠাতে হলে প্রার্থীকে চিনে ভোট দেওয়া জরুরি।
এ সময় তিনি ভোলা-১ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ বিএনপি মনোনীত আরও ১৯ জন প্রার্থীর পক্ষেও ভোট প্রার্থনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশাল বিভাগ সফরে আসেন তারেক রহমান। তাকে এক নজর দেখার জন্য বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।