ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ঘোষিত ইশতেহার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করা হবে। ইশতেহারে দেশের চলমান সংকট উত্তরণ, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়ে দলের সুস্পষ্ট দিকনির্দেশনা থাকবে বলে জানানো হয়।
এর আগে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি একটি গণভিত্তিক রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে ইশতেহার প্রণয়ন করেছে।
তিনি জানান, দলের ঘোষিত ৩১ দফা ও ২৭ দফার আলোকে দেশব্যাপী যে কর্মসূচিগুলো পালিত হয়েছে, সেসব কর্মসূচি থেকে পাওয়া অভিজ্ঞতা এবং জনমতের ভিত্তিতেই এই ইশতেহার প্রস্তুত করা হয়েছে।
মাহদী আমিন আরও বলেন, বিএনপির ইশতেহার হবে বাস্তবসম্মত ও জনগণের প্রত্যাশাভিত্তিক। এতে অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, কৃষক-শ্রমিকের অধিকার, নারী ও তরুণদের ক্ষমতায়ন এবং ভোটাধিকার নিশ্চিত করার বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনে বিএনপির ইশতেহার ভোটারদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে এবং নির্বাচনী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে।