দেশে বর্তমানে নারী শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এবার ক্ষমতায় গেলে এই সুবিধা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ঘোষিত ইশতেহার অনুযায়ী, সব নারী শিক্ষার্থী বিনা বেতনে স্নাতক পর্যন্ত পড়াশোনার সুযোগ পাবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণতন্ত্র, সুশাসন, শিক্ষা ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরা হয়।
ইশতেহারের শিক্ষাবিষয়ক অংশে বলা হয়, শিক্ষার সব স্তরে নারীর সমান প্রবেশাধিকার ও অধিকার সংরক্ষণ করা হবে, যাতে নারীরা নিজ ইচ্ছানুযায়ী শিক্ষাগ্রহণ ও কর্মজীবনে প্রবেশ করতে পারেন। পাশাপাশি ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও হোম ইকোনমিকস কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।
জামায়াতের দাবি, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নারী শিক্ষার পরিসর ও মান আরও বাড়বে এবং নারীর ক্ষমতায়ন কার্যকরভাবে নিশ্চিত হবে। দলটি মনে করে, শিক্ষিত ও আত্মনির্ভরশীল নারীই একটি উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রধান শক্তি।