পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, “আমরা সবাই জানি এবং বিশ্বাস করি—বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।”
তিনি অভিযোগ করেন, একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াত আমিরের বক্তব্য বিকৃত করে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর জনসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর শহরের হোটেল নায়োরীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। তিনি জানান, শুক্রবারের জনসমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে জামায়াত আশা করছে। তিনি আরও জানান, সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলালসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ড. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, খেলাফত মজলিশ ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ।