ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) জামায়াতের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ ফেব্রুয়ারি (রবিবার) রাত ৯টায় জামায়াত আমিরের ভাষণ সম্প্রচার করা হবে। ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতার-এর মাধ্যমে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, ভাষণ সম্প্রচারের জন্য গত ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়ে আবেদন দাখিল করা হয়েছে। দলটির আশা, নির্বাচন কমিশন নির্ধারিত সময় অনুযায়ী ভাষণ সম্প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনুমোদন প্রদান করবে।
জামায়াত নেতারা জানিয়েছেন, এই ভাষণে ডা. শফিকুর রহমান দেশবাসীর উদ্দেশে নির্বাচন, গণভোট, রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা এবং জনগণের প্রত্যাশা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। নির্বাচন সামনে রেখে তার এই ভাষণ রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন জাতীয় নির্বাচনে রাষ্ট্রীয় গণমাধ্যমে দলীয় প্রধানদের ভাষণ সম্প্রচারের নজির রয়েছে। সেই ধারাবাহিকতায় জামায়াত আমিরের ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।