দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে লালকার্ড দেখানোর দাবি করেছেন জাগপা মুখপাত্র ও জাতীয় গণতান্ত্রিক দলের নেতা রাশেদ প্রধান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ের গড়েয়া এলাকায় ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, “আমি বলি না, দুষ্ট মানুষেরা বলে—পর্যাপ্ত বয়স থাকার পরও ফখরুল সাহেব নাকি মুক্তিযুদ্ধে অংশ নেননি। এমনকি তার পিতাকে নিয়েও নানা কথা বলা হয়।” তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে ইতিহাস ও বাস্তবতা বিকৃত করে একেক সময় একেক বক্তব্য দেওয়া হচ্ছে। কখনো বলা হয় জামায়াত ক্ষমতায় এলে দেশ আফগানিস্তান হবে, আবার কখনো পাকিস্তান হয়ে যাবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের মানুষ এসব ভয়ভীতি আর গ্রহণ করে না। নতুন প্রজন্ম লন্ডনে পালানোর রাজনীতি নয়, একটি সোনার বাংলাদেশ গড়তে চায়। এ কারণে রাজনৈতিক নেতাদের সংযত ও দায়িত্বশীল ভাষায় কথা বলার আহ্বান জানান তিনি।
রাশেদ প্রধান আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন দীর্ঘদিন কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। আগামী নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে জামায়াত প্রার্থীকে জয়ী করে আগামীর প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান-কে উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বক্তব্যের শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে এবং ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা ও ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করবে।