ভারতের তৈরি ম্যালওয়্যার ব্যবহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে দাবি করেছে দলটি। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে মো. সিরাজুল ইসলাম বলেন,
জামায়াতের ভাবমূর্তিতে ঈর্ষান্বিত একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দলের শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট লক্ষ্য করে ধারাবাহিক সাইবার হামলা চালাচ্ছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন,
জামায়াতে ইসলামী নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করে এবং নারীদের প্রতি অবমাননাকর কোনো বক্তব্য দলটির নীতি ও অবস্থানের প্রতিফলন নয়। এ ধরনের বক্তব্য দিয়ে দলকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
এর আগে শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে অননুমোদিতভাবে ওই পোস্টটি প্রকাশ করা হয়েছে। একই দিনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার-এর এক্স হ্যান্ডেল থেকে দেওয়া একটি পোস্ট নিয়েও বিতর্ক সৃষ্টি হয়।
এই প্রেক্ষাপটেই মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন ডেকে বিষয়টি পরিষ্কার করে জামায়াতে ইসলামী। দলটি জানায়, সাইবার হামলার ঘটনায় ইতোমধ্যে সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি মোকাবিলা করা হবে।