বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) অভিযোগ করে বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চান না। তিনি দাবি করেন, “তিনি পাশের রাষ্ট্রে বসে নির্বাচনকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, “দেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রক্ষমতায় আসবে।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র পরিচালনা করতে অভিজ্ঞতা প্রয়োজন, আর সেই অভিজ্ঞতা বর্তমানে একমাত্র বিএনপিরই রয়েছে।”
নির্বাচনী প্রচারে ধর্মের ব্যবহার নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “বর্তমানে একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষের কাছে ভোট চাইছে। তারা আসলে ধর্ম ব্যবসায়ী। এসব ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ প্রতারিত না হন।”
স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে মেজর হাফিজ বলেন, “লালমোহনে আওয়ামী লীগের প্রায় ৯০ শতাংশ লোক ইতোমধ্যে বিএনপিতে যোগ দিয়েছে। বিগত সরকারের আমলে যারা আওয়ামী লীগ করলেও মানুষের ওপর নির্যাতন করেনি, তাদের আমরা সাদরে গ্রহণ করেছি। এখনো যারা নিরীহ আওয়ামী লীগে আছেন, তারা যদি বিএনপিতে আসতে চান, তাহলেও আমরা তাদের স্বাগত জানাবো।”
পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর নুরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক বাহালুল কবির সাকিল পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।