বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারীবিদ্বেষমূলক প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। দলটির দাবি, বঙ্গভবন-এর একটি সরকারি ই-মেইল ব্যবহার করে পরিকল্পিতভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ও বিস্তারিত আলোচনার জন্য আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যাচ্ছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে পৌঁছাবে। দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের অফিসিয়াল ই-মেইল (assistantprogrammer@bangabhaban.gov.bd
) ব্যবহার করে একটি ফিশিং মেইল পাঠানো হয়েছিল। ‘Case-Study-Election.accdr’ নামের একটি ফাইলে ক্লিক করার পরপরই আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়।
গত শনিবার বিকেলে অল্প সময়ের জন্য অ্যাকাউন্টটি হ্যাকড ছিল এবং ওই সময় একটি বিতর্কিত নারীবিদ্বেষমূলক পোস্ট দেওয়া হয়। সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করে জামায়াত নেতা মাহমুদুর রহমান জানান, হ্যাকিং সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ মেসেজ বঙ্গভবনের ই-মেইল থেকেই পাঠানো হয়েছে এবং তাতে জামায়াতের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে ‘সিসি’তে রাখা হয়েছিল।
জামায়াতের দাবি, ডা. শফিকুর রহমানের রাজনৈতিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ওই পোস্টটি তাকে বিব্রত ও রাজনৈতিকভাবে হেয় করতেই করা হয়েছে। দলটি জানায়, হ্যাক হওয়ার ৪৫ মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয় এবং বিতর্কিত পোস্টের সঙ্গে আমির বা তার অ্যাকাউন্ট পরিচালনাকারীদের কোনো সম্পৃক্ততা নেই।